রোববার বিকেলে কুড়িগ্রাম নিজ সম্মেলনকক্ষে কবর ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির ব্যবহারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। কবর ব্যবস্থাপনার এ উদ্যোগ নেয় সামাজিক সংগঠন ‘অপ্রতিরোধ্য কুড়িগ্রাম’।
আয়োজকরা জানান, শুধু মুক্তিযোদ্ধা নন, সাধারণ মানুষের কবরগুলোকেও এ প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। এতে মৃতের নিকটাত্মীয়রা সহজেই তাদের পরিবারের সদস্যদের কবর খুঁজে পাবেন। অনেক সময় কবরস্থানে এক কবরের ওপর আরেক কবর দেওয়া হয়। ফলে আগের কবর অনেকে খুঁজে পান না। এমনকি সেখানে কার কবর ছিল সে চিহ্নও থাকে না। কিন্তু কবর ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি ব্যবহার করলে এ সমস্যা আর হবে না।
.png)
অপ্রতিরোধ্য কুড়িগ্রামের প্রতিষ্ঠাতা ও সংগঠনটির সভাপতি অন্তু চৌধুরী জানান, প্রাথমিকভাবে জেলা শহরের কেন্দ্রীয় কবরস্থানের এক হাজার ৩৯৬ জন কবরবাসী এবং জেলার ফুলবাড়ীর ৮৬ বীর মুক্তিযোদ্ধার তথ্য ডিজিটালাইজ করা হয়েছে।
উদ্বোধনীতে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা শিক্ষা অফিসার শামসুল ইসলাম প্রমুখ।