বৃহস্পতিবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- জাফর ওরফে ননাইয়া, নুরুল হুদা ও আবদুল মালেক।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পিপি লোকমান হোসেন চৌধুরী বলেন, গুলি করে কবির আহম্মদ নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মামলা থেকে ছয়জনকে খালাস দিয়েছে আদালত। ৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেয়।
.png)
২০০৭ সালের ১৭ জানুয়ারি রাতে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের এককুলিয়া এলাকায় নুর আহমদের বাড়িতে হানা দেয় একদল ডাকাত। খবর পেয়ে স্থানীয়রা সেখানে জড়ো হলে টাকা ও স্বর্ণালংকার নিয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায় ডাকাতদল। ঐ সময় তাদের গুলিতে কবির আহমদ নামে একজন মারা যান। ঘটনার পর মামলা হলে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে আরো ছয়জনকে গ্রেফতার করা হয়।
মামলাটির তদন্ত শেষে ২০০৭ সালের ২২ মে আদালতে নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০৯ সালের ৩০ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু করে আদালত।