ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জন্ম নিবন্ধন সার্ভার হ্যাক: ৮০৮ ভুয়া রেজিস্ট্রেশন

শরীয়তপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৪৪, ২৬ আগস্ট ২০২২
জন্ম নিবন্ধন সার্ভার হ্যাক: ৮০৮ ভুয়া রেজিস্ট্রেশন
দুইটি ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন সার্ভার হ্যাক হয়েছে- ছবি: ডেইলি বাংলাদেশ

শরীয়তপুরে দুইটি ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন সার্ভার হ্যাক হয়েছে। এরপর ৮০৮টি ভুয়া রেজিস্ট্রেশন করেছে হ্যাকাররা। ফলে ১১দিন ধরে জন্ম নিবন্ধন সনদ পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। এছাড়া বন্ধ রয়েছে নতুন ভোটার হালনাগাদও। জন্ম নিবন্ধন সার্ভার হ্যাক করে রোহিঙ্গা জনগোষ্ঠীরা দেশের নাগরিক হওয়ার চেষ্টা করছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার বিঝারি ও ফতেজঙ্গপুর ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন সার্ভার হ্যাক হয়েছে। গত ১৫ আগস্ট বিঝারি ও ১৯ আগস্ট ফতেজঙ্গপুর ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন সার্ভার হ্যাক হয়। ফলে জন্ম নিবন্ধন সনদ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী। শুধু তাই নয় জন্ম নিবন্ধনের কারণে নতুন ভোটার হালনাগাদ, পাসপোর্টসহ অন্যান্য কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এ ঘটনায় নড়িয়া থানায় অভিযোগ করেছেন সংশ্লিষ্ট চেয়ারম্যানরা।

অভিযোগ বলা হয়েছে, জন্ম নিবন্ধন পাসওয়ার্ড হ্যাক করে বিঝারি ইউনিয়ন ৩৯২টি এবং ফতেজঙ্গপুর ইউনিয়ন ৪১৬টিসহ মোট ৮০৮টি ভুয়া জন্ম নিবন্ধন করা হয়েছে। ঐগুলো সংশ্লিষ্ট ইউনিয়নের নিবন্ধন নয়। জন্ম সনদ ডাউনলোড করে দেখা যায় মুন্সীগঞ্জ, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার ঠিকানায় রেজিস্ট্রেশন করা হয়েছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব অবগত নন। তবে জন্ম নিবন্ধন সার্ভার হ্যাক করে রোহিঙ্গা জনগোষ্ঠী নাগরিক হওয়ার চেষ্টা করছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর দ্রুত সমাধান চান চেয়ারম্যান ও এলাকাবাসী।

Advertisement

জন্ম নিবন্ধন নিতে আসা মিজানুর রহমান ও নিলয়সহ অনেকে বলেন, কয়েকদিন ধরে জন্ম নিবন্ধন নিতে এসে ফিরে যাচ্ছি। এসে শুনলাম সার্ভার হ্যাক হয়েছে। জন্ম নিবন্ধন খুবই প্রয়োজন ছিল।

বিঝারি ইউনিয়ন পরিষদের সচিব মলিনা নাসরিন বলেন, এক অপরিচিত ব্যক্তি আমার মোবাইলের ইমোতে কল দেন। তিনি আমাকে বলেন, আপনাদের জন্ম নিবন্ধন সার্ভার হ্যাক হয়েছে আপনি জানেন? পরে আমি সার্ভারে ঢুকে দেখি সত্যিই হ্যাক হয়েছে।

ফতেজঙ্গপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন জুয়েল বলেন, ১৯ আগস্ট সকালে আমার ইউনিয়নের জন্ম নিবন্ধন সার্ভার হ্যাক হয়। আমি তাৎক্ষণিক নড়িয়া থানায় অভিযোগ করে ইউএনও’কে জানিয়েছি।

বিঝারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহাম্মেদ কাজী বলেন, বর্তমানে আমার ইউনিয়নের জন্ম নিবন্ধন সার্ভার বন্ধ আছে। অনেকের জন্ম নিবন্ধন জরুরি ছিল। কিন্তু দিতে পারছি না।

মানবাধিকার কমিশন শরীয়তপুরের সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ বলেন, রোহিঙ্গারা যেকোনো উপায়ে সার্ভার হ্যাক করে এ ঘটনাগুলো ঘটাতে পারে বলে আমার ধারণা।

নড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা নিহার রায় বলেন, ভুয়া জন্ম নিবন্ধন দিয়ে রোহিঙ্গাদের ভোটার হওয়ার কোনো সুযোগ নেই। তবু আমরা ঐ সময়ের মধ্যে যে জন্ম নিবন্ধন হয়েছে তা যাচাই-বাছাই করবো। নির্বাচন অফিসের কেউ সংশ্লিষ্ট হওয়ারও সুযোগ নেই। তারপরও কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

নড়িয়ার ইউএনও শেখ রাশেদউজ্জামান বলেন, দুইটি ইউনিয়নে জন্ম নিবন্ধন সার্ভার হ্যাক হয়েছে। তাৎক্ষণিক জেলা প্রশাসক স্যারকে জানিয়েছি। ভুয়া রেজিস্ট্রেশনগুলো বাদ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!