এবার ৭ ট্রাকে ৯৮ টন টিএসপি সার উদ্ধার
এবার নকল সার সন্দেহে সাত ট্রাকে ৯৮ টন টিএসপি সার উদ্ধার করেছে বগুড়া বাফার গুদাম কর্তৃপক্ষ।
মঙ্গলবার সারগুলো পরীক্ষা করা হবে। তিন সদস্যর তদন্ত কমিটি এই সার পরীক্ষা করবেন। তারা হলেন- টিএসপি কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) মাজহারুল ইসলাম, উৎপাদন বিভাগের ব্যবস্থাপক রেজাউল করিম ও মার্কেটিং বিভাগের ব্যবস্থাপক আব্দুল আউয়াল। এর আগে সোমবার সকালে কয়েক বস্তা সার যাচাইয়ের সময় সন্দেহ হলে পুরো চালান আটক করা হয়।
জানা যায়, রোববার রাত ৩টার দিকে চট্টগ্রামের পতেঙ্গার টিএসপি সার কারখানা থেকে বগুড়ার বাফার গুদামে ওই সাত ট্রাক সার পৌঁছায়। বগুড়া বাফার গুদামে এই সারগুলো পরিবহন করেছে চট্টগ্রামের দেওয়ান হাটের মেসার্স এমএইচআর করপোরেশন। সাত ট্রাক সার বগুড়ায় আসার পরপরই নকল বা ভেজাল সন্দেহে পরীক্ষায় জন্য হেফাজতে নেয়া হয় বলে জানান জেলা বাফার গুদামের ইনচার্জ মোহাম্মদ মোস্তফা কামাল। একই সঙ্গে চট্টগ্রাম টিএসপি সার কারখানা কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়। এরপরই গঠন করা হয় তদন্ত কমিটি। ওই সাত ট্রাকে ৯৮ টন সার রয়েছে।
.png)
বগুড়া বাফার গুদাম ইনচার্জ মোহাম্মদ মোস্তফা কামাল জানান, পরীক্ষার জন্য হেফাজতে রাখা সাত ট্রাকের প্রতিটিতে ২৮০ বস্তা করে সার রয়েছে। প্রতি বস্তায় ৫০ কেজি করে সার আছে। হিসাব অনুযায়ী মোট সার ৯৮ টন। রোববার দিবাগত রাতে ওগুলো বাফার গুদামে নিয়ে আসা হয়। সোমবার সকালে প্রাথমিক পরীক্ষার জন্য কিছু সার ট্রাক থেকে নামানো হয়। এরপরই সন্দেহ হয় যে সারগুলো নকল বা এতে ভেজাল মেশানো আছে।
তিনি আরো জানান, সন্দেহ থেকে পরীক্ষার জন্য সারগুলো হেফাজতে নেয়া হয়। আজ মঙ্গলবার পরীক্ষার পর বলা যাবে সারগুলো নকল বা এতে ভেজাল মেশানো আছে কিনা।