প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী
ঢাকার কেরাণীগঞ্জ থেকে ঝালকাঠির নলছিটিতে বেড়াতে আসা এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে এ ঘটনায় উপজেলার দপদপিয়া ইউপির শেখরকাঠি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মোজাফ্ফর সিকদার রাঙ্গা খুলনার দিঘলিয়া এলাকার বাসিন্দা। তিনি নলছিটি উপজেলার বিভিন্ন স্থানে পোনামাছ বিক্রি করেন। অপর আসামি আরিফ হোসেন বাকেরগঞ্জের তবিরকাঠি গ্রামের বাসিন্দা ও শাহিদা বেগম ও আছমা বেগম নলছিটির দপদপিয়া ইউপির একটি গ্রামের লিটন হাওলাদারের স্ত্রী।
পুলিশ জানায়, ঢাকার কেরাণীগঞ্জ চৌধুরীপাড়া এলাকার বাসাভাড়া করে থাকতেন নলছিটির দপদপিয়া ইউপির একটি গ্রামের লিটন হাওলাদারের স্ত্রী শাহিদা বেগম। তাদের পাশের বাসায় বসবাস করতো ওই কিশোরী।
.png)
প্রতিবেশী হওয়ায় তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। শাহিদার সঙ্গে ওই কিশোরী গত সোমবার সকালে নলছিটির দপদপিয়া ইউপির গ্রামের বাড়িতে বেড়াতে যায়। ওইদিন বিকেলে সেখানে পোনামাছ ব্যবসায়ী মোজাফ্ফর সিকদার রাঙ্গা, আরিফ হোসেন ও রাসেল হাওলাদার কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। শাহিদার ও লিটনের আরেক স্ত্রী আছমা বেগম ধর্ষণে সহযোগিতা করেন।
ধর্ষণের পর মেয়েটি গুরুতর অসুস্থ হলেও তাকে কোনো চিকিৎসা করানো হয়নি। উল্টো এ ঘটনা কাউকে না বলার জন্য চাপ দেওয়া হয়। নির্যাতিত ওই কিশোরী কৌশলে ঘর থেকে বের হয়ে মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন বাসিন্দাকে বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে।
এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনের নামে মামলা করে ওই কিশোরী। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মোজাফ্ফর সিকদার রাঙ্গা, আরিফ হোসেন, শাহিদা বেগম ও আছমা বেগমকে গ্রেফতার করে। তবে পলাতক রয়েছেন আসামি রাসেল হাওলাদার। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে, কিশোরীকে চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নির্যাতিত ওই কিশোরী জানায়, সে ও তার মা কেরাণীগঞ্জের একটি বাসায় ভাড়া থাকেন। শাহিদা বেগম তাদের প্রতিবেশী হওয়ায় সুসম্পর্ক গড়ে ওঠে। অনেক দিন ধরেই শাহিদা তাদের গ্রামের বাড়িতে বেড়াতে নেয়ার কথা বলছিলেন। ২৯ আগস্ট সকালে তাদের বাড়িতে বেড়াতে যাই। সেখানে বিকেলে তিন ব্যক্তি জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেন তারা।
নলছিটি থানার ওসি মো. আতাউর রহমান বলেন, দুই ধর্ষণকে গ্রেফতার করা হয়েছে। একজন পলাতক রয়েছেন। এ কাজে সহযোগিতার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।