ভৈরবে ৮ তলা ভবন থেকে পড়ে নারীর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে আট তলা ভবন থেকে পড়ে তানিয়া ইয়াসমিন নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে ভৈরব শহরের নাটাল মোড় এলাকায় সাহারা টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে। মৃত তানিয়া উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা প্রাইমারি স্কুলের শিক্ষক ইমরান মিয়ার স্ত্রী। তিনি তানিয়ার বাবার বাড়ী কুলিয়ারচর উপজেলার ছয়সূতি গ্রামে। তানিয়া ইয়াসমিন মানসিক রোগী ছিলেন।
তানিয়া ইসলামের স্বামী মো. ইমরান মিয়া জানান, তার স্ত্রী ১২ থেকে ১৩ বছর যাবৎ মানসিক রোগে ভুগছিলেন। তিনি পরিবার নিয়ে শহরের কমলপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বুধবার দুপুরের পর তানিয়া বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। খোঁজাখুঁজির পরে শহরের নাটাল মোড় এলাকায় এসে জানা যায় একজন মহিলা আটতলা ভবন থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে তানিয়ার লাশ শনাক্ত করা হয়।
.png)
ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজোয়ান আহমেদ দিপু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় আটতলা ভবনের ছাদে নারীর জুতা পাওয়া যায়। প্রথমে নারীর পরিচয় কেউ দিতে পারেনি। পরে তার স্বামী ঘটনাস্থলে এসে তাকে শনাক্ত করেন। তার স্বামী জানিয়েছেন তিনি মানসিক রোগী ছিলেন। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।