রাজশাহীতে গরুচোর চক্রের দুই সদস্য আটক
রাজশাহীতে গরু চোর চক্রের দুই সঙ্গে সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় দুইটি চোরাই গরু উদ্ধার করেছে নগরীর শাহ মখদুম থানা পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে নগরীর পূর্ব মোল্লাপাড়া লিচু বাগান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নগরীর পূর্ব মোল্লাপাড়া লিচু বাগানের আজাহার আলীর স্ত্রী বিলকিস বেগম ও ডিঙ্গাডোবা নিমতলা মোড়ের মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুম আলী।
শাহ মখদুম থানার ওসি মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতভর অভিযান চালানো হয়। এর মধ্যে রাত দেড়টার দিকে সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর পূর্ব মোল্লাপাড়া লিচু বাগান এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে একটি গরু ও একটি বাছুরসহ দুইজনকে আটক করা হয়। প্রাথমিকভাবে তারা গরু চুরির বিষয়টি স্বীকার করেছেন। ওই নারী দিনে বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করতো। সেই অনুযায়ী চক্রের অন্য সদস্যরা চুরি করতো।
ওসি আরো বলেন, শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। গরুগুলোর সঠিক যত্নের জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আদালতের মাধ্যমে গরুর সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে মালিকের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।