টেকনাফে ৮৯ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৮৯ হাজার ইয়াবা উদ্ধার করছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার সকালে উপজেলার ছেঁড়া দ্বীপ সমুদ্র ও নাইট্যংপাড়া এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি (বিএন)।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লে. কমান্ডার আশিক আহমেদের নেতৃত্বে সেন্টমার্টিন সমুদ্র এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছেঁড়া দ্বীপ হতে আনুমানিক দুই নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে বাংলাদেশ সীমানায় একটি ফিশিং বোট দেখা যায়। ফিশিং বোটটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দেয়। বোটটি না থেমে সাদা একটি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাটির ভেতর থেকে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।
.png)
অপরদিকে শনিবার সকালে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় বরইতলী থেকে এক ব্যক্তিকে একটি কালো রংয়ের পলিথিন ব্যাগসহ আসতে দেখা যায়। পরে লোকটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তার হাতে থাকা ব্যাগটি চালিয়াতলি ব্রিজের কাছে ফেলে যান। ওই পলিথিন ব্যাগটি থেকে ৩৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে