কারখানায় ভেজাল গুড় তৈরি, জরিমানা ৩ লাখ ৭০ হাজার
রাজশাহীতে অস্বাস্থ্যকর উপকরণ দিয়ে গুড় তৈরি করায় দুইটি কারখানাকে তিন লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার সকালে রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানি এলাকায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী বিভাগীয় অফিস।
অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। এ সময় অভিযানে সহায়তা করেন র্যাব-৫ এর সদস্যরা।
.png)
সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাঘা উপজেলার আড়ানি এলাকার খর্দো বাউসা পাঁচপাড়া গ্রামের সেকেন্দার আলী ও দুলাল উদ্দিন বাদলের বাড়িতে চিনি, চুন, ফিটকিরি, ডালডা এবং রং ব্যবহার করে ভেজাল আখের গুড় তৈরি হচ্ছে। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের বাড়িতে গুড় তৈরির বিভিন্ন উপকরণ এবং সরঞ্জাম দেখে সত্যতা পাওয়া যায়। এ সময় অস্বাস্থ্যকর উপকরণ দিয়ে গুড় তৈরির অপরাধে সেকেন্দার আলীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, একই অপরাধে দুলাল উদ্দিনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকারের অভিযানে দুলাল উদ্দিন বাড়ি থেকে পালিয়ে গেলে তাকে ডেকে জরিমানা ও সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।