নওগাঁয় ভেজাল গুড়ের কারখানার সন্ধান, গুনতে হলো জরিমানা
সুজি, ময়দা, চিনি ও চিটা গুড় দিয়ে তৈরি করা হচ্ছিল গুড়। দেখে বোঝার উপায় নাই এটা ভেজাল গুড়। অবশেষে ভোক্তা অধিদফতরের অভিযানে ধরা পড়ে অসাধু ব্যবসায়ীর ভেজাল গুড় কারখানার সন্ধান। জরিমানা গুনতে হয় ১ লাখ টাকা।
নওগাঁর মহাদেবপুর উপজেলায় মোগলিশপুর গ্রামে এ কারখানার সন্ধান মেলে। এছাড়া সদর উপজেলার আরো তিনটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ, পোকামাকড় উপস্থিতি ও খোলা লবণ ব্যবহার করায় ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার দুপুরে নওগাঁ সদর ও মহাদেবপুর উপজেলায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন।
.png)
তিনি বলেন, তদারকিকালে মহাদেবপুর উপজেলায় মোগলিশপুর এলাকায় অবস্থিত মেসার্স জিল্লুর গুড় ভান্ডারের স্বত্বাধিকারী জিল্লুর রহমানকে অস্বাস্থ্যকর পরিবেশে সুজি, ময়দা, চিনি এবং চিটা গুড়ের সমন্বয়ে ভেজাল গুড় তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ৪৮০ কেজি ভেজাল গুড় ঘটনাস্থলে ধ্বংস করা হয়।
এছাড়া নওগাঁ সদর উপজেলার গোস্তহাটি মোড় ও ঘোষ পাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ঢাকনাবিহীন পাত্রে মিষ্টি সংরক্ষণ, মিষ্টিতে পোকামাকড়ের উপস্থিতি এবং খোলা লবণ ব্যবহারের অপরাধে নওগাঁ মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা, সাব্বির হোটেলকে ২০ হাজার টাকা এবং নিপেন ঘোষ দই ঘরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ৭৫ হাজার জরিমানা করা হয়।
এ সময় জয়পুরহাট র্যাব ক্যাম্প কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান এবং আর্টিলারি ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাসুদ রানা উপস্থিত ছিলেন।