বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন
লক্ষ্মীপুরে বড় ভাই হত্যা মামলায় ছোট ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।
দণ্ডিত আব্দুল মান্নান সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের চরপার্বতীনগর গ্রামের আবুল কালামের ছেলে। তার ভাইয়ের নাম আব্দুল হান্নান।
.png)
মামলার বিবরণ দিয়ে লক্ষ্মীপুর জজ আদালতের পিপি জসিম উদ্দিন জানান, ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি রাতে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই মান্নানকে গালাগাল করেন হান্নান। এতে মান্নান ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে হান্নানের ঘাড়ে কোপ দেন মান্নান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বাড়িতে এসে মান্নানকে ঘরে আটকে রাখে বাবা আবুল কালাম। পরদিন ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেন বাবা। এরপর মান্নানকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
একই বছরের ১৫ মার্চ আদালতে মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার এসআই রানা দাস। দীর্ঘ শুনানি শেষে মান্নানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।