খেজুর গাছ নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানের গাছিরা। জেলার জীবননগর উপজেলার আন্দলবাড়িয়া-বেগমপুর সড়কের ধারে দেখা মেলে কিছু গাছির। এখানে হাতে দা নিয়ে ও কোমরে দড়ি বেঁধে খেজুর গাছ চাঁচতে দেখা যায় কয়েকজনকে।
কথা হয় কয়েকজন গাছির সঙ্গে। তারা বলেন, শীত এলেই জেলায় নতুন আয়োজন শুরু হয়। খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন এখানকার গাছিরা। অনেকের মুখে হাসিও ফোটে।
.png)
দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের গাছি হারুন মোড়েল বলেন, কয়েকদিন পরই খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হবে। এ গ্রামে খেজুর গাছের কদর অনেক বেশি। অনেকে এ রস নিয়ে গুড় তৈরি করেন। এরপর সেই গুড় বিভিন্ন স্থানে পাঠান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, জেলায় দুই লাখ ৪৮ হাজার ৯৬০টি খেজুর গাছ রয়েছে। এর মধ্যে সদরে ৯৩ হাজার ৪৫০টি, দামুড়হুদায় ৮৩ হাজার ৭০০টি, জীবননগরে ৩৬ হাজার ৫০০টি ও আলমডাঙ্গায় ৩৫ হাজার ৩১০টি খেজুর গাছ রয়েছে। যা থেকে এ বছর আড়াই হাজার মেট্রিক টন গুড় উৎপাদন করা হবে।