পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল শুরু
মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল চালু হয়েছে। এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পদ্মা নদী উত্তাল থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এ নৌপথে ১৮ ঘণ্টা পর ফেরি ও ২১ ঘন্টা পর লঞ্চ চলাচল শুরু হয়েছে। পাটুরিয়ার পাঁচটি ঘাটের চারটি ঘাট চালু থাকলেও দৌলতদিয়ার দুটি ঘাটের দুটি পকেট চালু আছে। ঘাট এলাকায় যাত্রীবাহী বাস না থাকলেও উভয় প্রান্তে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ভোগান্তিতে পড়েছে যানবাহন চালক ও সহযোগীরা।
ট্রাকচালক কহিনুর মিয়া যাবেন বাগেরহাট। তিনি গতকাল দুপুর ৩টার দিকে পাটুরিয়া ঘাটে এসেছেন। কিন্তু ফেরি চলাচল বন্ধ থাকায় দীর্ঘ ২১ ঘণ্টা পর ফেরির নাগাল পেলেন তিনি।
.png)
আরেক ট্রাকচালক শহিদুল হক জানান, আমি গতকাল বিকেল ৫টার দিকে ঘাটে এসেছি। সন্ধ্যা থেকে খাবারের সব হোটেল বন্ধ থাকায় সকাল পর্যন্ত না খেয়ে থাকতে হয়েছে। রাতে টার্মিনালে অনেক কষ্ট করে থাকতে হয়েছে।
বিআইডব্লিউটিসি'র আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে দুর্ঘটনা এড়াতে সোমবার বিকেল ৩টা থেকে পৌনে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বর্তমানে ১২টি ফেরি যানবাহন পারাপার করা হচ্ছে।
অপরদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২১ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু হয়েছে। এ নৌপথে ২৩টি ও আরিচা-কাজিরহাট নৌপথে ১০টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।