ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় সড়কে গাছ ফেলে ডাকাতি, গ্রেফতার ৬

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ৩ নভেম্বর ২০২২
নওগাঁয় সড়কে গাছ ফেলে ডাকাতি, গ্রেফতার ৬
ডাকাত দলের গ্রেফতারকৃত সদস্যরা

নওগাঁয় সড়কে গাছ ফেলে বিভিন্ন পরিবহনে ডাকাতির সঙ্গে জড়িত আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন-জেলার মান্দা উপজেলার চকজামদই গ্রামের লুৎফর রহমান এর ছেলে তারেক হৃদয়, মোয়াই গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে জুয়েল, নিয়ামতপুর উপজেলার ভবানিপুর দাশপাড়া গ্রামের ইছাহাক আলীর ছেলে নুরুজ্জামান সাগর, পরানপুর গ্রামের বিদেশ এর ছেলে বিকাশ, পোরশা উপজেলার শোভাপুর গ্রামের শুকুর মিস্ত্রীর ছেলে মেহেদী ও মহাদেবপুর উপজেলার চককন্দপপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে হায়দার আলী।

Advertisement

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, গত রোববার (৩০অক্টোবর) রাত ২টার দিকে জেলার মহাদেবপুর উপজেলার সুলতানপুর নামক স্থানে পাকারাস্তার ওপর ৮-১০ জন ডাকাত সদস্য গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে। এ সময় ঐ রাস্তায় যাওয়া মাইক্রোবাস ও পিকআপ আটকিয়ে লোকজনদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৮-১০টি মোবাইল ফোন এবং ২৮ হাজার টাকা লুট করে নেয়। 

ঘটনার পর বুধবার (২ অক্টোবর) মহাদেবপুর থানার দুলালপাড়া গ্রামের আবুল কালাম আজাদ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর জড়িতদের শনাক্ত করতে পুলিশ মাঠে নেমে আন্তজেলা ডাকাত দলের ছয়সদস্যকে গ্রেফতার করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত, মহাদেবপুর থানার ওসি মোজাফ্ফর হোসেন, সদর থানার ওসি ফয়সাল বিন আহসানসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!