নিহত আতিকুল ইসলাম মিশু উপজেলার এক্তিয়ারপুর গ্রামের শামসুল হকের ছেলে। তিনি মাধবপুর মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার রাত ৪টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার রাতে আতিকুল ইসলাম মিশু তার বন্ধু তারেক মিয়াসহ কয়েকজন মিলে ছাতিয়াইন গ্রামে একটি ওয়াজ মাহফিলে যায়। সেখানে প্রেম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মধ্যরাতে তারেক মিয়া ও হরিতলা গ্রামের শফিক মিয়ার পুত্র শিমুল মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শিমুল তার বন্ধুদের সঙ্গে নিয়ে তারেকের ওপর হামলা চালায়।
.png)
তারেককে বাঁচাতে এগিয়ে আসে আতিকুল ইসলাম মিশু। এ সময় তাকেও ছুরিকাঘাত করেন তারা। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে ভোর ৪ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় তারেককে সিলেটে প্রেরণ করা হয়।
ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এক্তিয়ারপুর গ্রামের এক তরুণীর সঙ্গে প্রেম সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বিষয়টি নিয়ে পুলিশ আরো তদন্ত করছে এবং দোষীদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।