সিংড়ায় ২ পাখি শিকারির অর্থদণ্ড
নাটোরের সিংড়ায় কারেন্ট জালের ফাঁদ পেতে পাখি শিকারের সময় আটক দুই পাখি শিকারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে চলন বিলের বাইকোলা বিলে অভিযান চালিয়ে তাদের আটক করেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলন বিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। এ সময় দেশীয় প্রজাতি ও অতিথি চারটি পাখি উদ্ধার এবং দেড় হাজার মিটার কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। আর আহত পাখিগুলোকে বুধবার সকালে চিকিৎসা প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ দফতরের ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা. কেএম ইফতেখারুল ইসলাম। দণ্ডপ্রাপ্তরা হলেন- সিংড়ার মহেশচন্দ্রপুর গ্রামের ইসলাম সরদার এবং সাইফুল ইসলাম।
চলন বিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, শীতের শুরুতে বিলের অল্প পানিতে মাছের সঙ্গে পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে চলন বিল। আর এক শ্রেণির পাখি শিকারিরা বিভিন্ন ফাঁদ পেতে বিলের বিভিন্ন পয়েন্টে পাখি শিকারের নেমে পড়েন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাইকোলা বিল থেকে দুই পাখি শিকারিকে আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে চার হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান।
সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বলেন, চলন বিলের পাখি ও প্রকৃতি বাঁচাতে ২০১২ সাল থেকে রাত-দিন বিলের দুর্গম এলাকায় প্রতিনিয়তই ছুটে চলেছেন চলন বিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকে সবসময় তাদের সহযোগিতা করা হচ্ছে।