ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৩, ১৪ নভেম্বর ২০২২
নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ফাইল ফটো

নড়াইলে স্ত্রী মমতাজ বেগমকে হত্যার দায়ে স্বামী হেদায়েত শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কেরামত আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি মো. হেদায়েত শেখ জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের গোলাম রব্বানীর ছেলে। মামলার অপর দুই আসামি খলিল শেখ ও আঞ্জুয়ারা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দিয়েছেন আদালত।

জানা যায়, ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে বাদী নিহতের ছেলে রবিউল ইসলাম তার মা মমতাজ বেগমকে রাতের খাবার খাইয়ে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে বাদী তার মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এ সময় বাদী তার বাবা হেদায়েতের লুঙ্গিতে রক্ত দেখে কারণ জানতে চান। তার বাবা বলেন সকালে তিনি একটি গরু জবাই করেছেন। এই বলে হেদায়েত শেখ ও তার দ্বিতীয় স্ত্রী আঞ্জুয়ারা বেগম পালিয়ে যান।

Advertisement

মামলার বাদী নিহত মমতাজ বেগমের ছেলে মো. রবিউল ইসলাম উল্লেখ করেন, ঘটনার পাঁচ থেকে ছয় বছর আগে স্ত্রী থাকা সত্ত্বেও বাদীর বাবা হেদায়েত শেখ আঞ্জুয়ারা বেগম নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে দ্বিতীয় স্ত্রী আঞ্জুয়ারা প্রথম স্ত্রীকে খুন করে গুম করার হুমকি দিয়ে আসছিলেন। পরে বাদীসহ তার আত্মীয়-স্বজনরা পদ্মবিলা বিলের মধ্যে আসাদুজ্জামানের জমির মধ্যে মমতাজ বেগমের মৃতদেহ পান। মৃতদেহের গলা কাটা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ ঘটনায় মমতাজ বেগমের ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নিহতের স্বামী মো. হেদায়েত শেখ, মো. খলিল শেখ ও আঞ্জুয়ারা বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৪ জন সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মো. হেদায়েত শেখকে মৃত্যুদণ্ডের আদেশ এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!