ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্কুলছাত্রীকে গলা টিপে মারধরের চেষ্টা, কারাগারে অটোচালক

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৮, ২১ নভেম্বর ২০২২
স্কুলছাত্রীকে গলা টিপে মারধরের চেষ্টা, কারাগারে অটোচালক
ফাইল ছবি

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে অটোচালক শফিকুল ইসলামকে (২০) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।

সোমবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের অফিস চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দণ্ডিত শফিকুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মৃত বকুল হোসেনের ছেলে।

অনিমেষ বিশ্বাস বলেন, মুজিবনগর উপজেলার কয়েকজন ছাত্রী সাইকেলে চড়ে স্কুলে আসছিল। একজন ছাত্রী সাইকেল থেকে পড়ে গেলে শফিকুল তাকে নিয়ে হাসাহাসি করেন। এ সময় ওই ছাত্রী তার বিদ্রুপের প্রতিবাদ জানালে গলা টিপে ধরে মারধর করার চেষ্টা করেন শফিকুল। পরে ওই ছাত্রীর স্কুলের প্রধান শিক্ষক ৯৯৯-এ কল দিলে পুলিশ শফিকুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দেয়। তার পারিবারিক অবস্থা বিবেচনা করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বলেন, ৯৯৯-এ কল পেয়ে দণ্ডিত শফিকুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নিলে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয় আদালত। দণ্ডিত শফিকুলকে সোমবার বিকেলের দিকে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!