ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিকআপে চট্টগ্রামে যাচ্ছিল ৭০ কেজি গাঁজা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৩, ২৩ নভেম্বর ২০২২
পিকআপে চট্টগ্রামে যাচ্ছিল ৭০ কেজি গাঁজা
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর মধ্যম রামপুর এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।

আটকরা হলেন- রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানার ফিশারি ঘাট শান্তিনগরের মো. আলী আকবরের ছেলে মো. ইসমাইল হোসেন (২৯), লংগদু থানার করলাছড়ি গ্রামের মো. জয়নাল হাওলাদারের ছেলে মো. হেলাল (২৬), কক্সবাজার জেলার সদর থানার ঝিরঝিরি পাড়ার জাফর আলমের ছেলে মো. ওসমান সরওয়ার (২৪)।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী পিকআপে গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশে কুমিল্লা থেকে চট্টগ্রাম যাচ্ছে। র‌্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কের ফেনীর মধ্যম রামপুর মদিনা অটো মোবাইলস অ্যান্ড কার ওয়াশের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা পিকআপটিকে থামানোর সংকেত দিলে পিকআপটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা গাড়িসহ তিনজনকে আটক করে।

Advertisement

আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে পিকআপের পেছনে মালামাল বহন করার জায়গা থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ৭০ কেজি গাঁজা উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা দীর্ঘদিন পরস্পরের যোগসাজসে ড্রাইভিং পেশার আড়ালে গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রাম, কক্সবাজার জেলাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছিল।

ফেনীস্থ র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!