জিপিএ-৫ পেলেন তিনবারের ইউপি সদস্য মমিন
সিরাজগঞ্জের কাজিপুরে আব্দুল মমিন নামে ৪৫ বছর বয়সী এক ইউপি সদস্য এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের টানা তিনবারের নির্বাচিত সদস্য তিনি।
সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর আব্দুল মমিনের পাস করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। রায়গঞ্জ উপজেলার একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়ে পাস করেছেন মমিন। তবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেছেন বিষয়টি জানাতে অস্বীকৃতি জানান মমিন।
ইউপি সদস্য আব্দুল মমিন বলেন, আমি পাস করেছি এটাই বড় কথা। আমার ইচ্ছা ছিল লেখাপড়া করব। সেই ইচ্ছা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। এখন এইচএসসিতে ভর্তি হব। ডিগ্রি পাস করার ইচ্ছা আছে।
.png)
আব্দুল মমিন আরো বলেন, বয়স কোনো বিষয় নয়। আমি এই বয়সে নিজে লেখাপড়া করছি এবং পড়াশোনা করতে অন্যদেরকেও উৎসাহিত করি।
শুভগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন জানান, ইউপি সদস্য আব্দুল মমিন টানা তিনবার বিজয়ী হয়ে পরিষদে দায়িত্ব পালন করছেন। তার এসএসসি পরীক্ষা দেওয়ার বিষয়টি জানা ছিল না। আজ শুনলাম তিনি রায়গঞ্জের একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়ে পাস করেছেন। পরিষদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।