ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে দুই মাদক ব্যবসায়ীর ১২ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ২৯ নভেম্বর ২০২২
লক্ষ্মীপুরে দুই মাদক ব্যবসায়ীর ১২ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে ইয়াবাসহ গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেনকে ৭ বছর ও দুলাল হোসেনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকার কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত দুইজনই মাদক ব্যবসায়ী। আদালত তাদের দুইজনকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। গ্রেফতারের পর থেকেই তারা কারাবন্দি ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ইসমাইল সদর উপজেলার দালাল বাজার ইউপির পূর্ব মহাদেবপুর গ্রামের মৃত রাহাত উল্যা মিয়ার ছেলে এবং দুলাল হোসেন একই এলাকার তাজুল ইসলামের ছেলে।

জানা যায়, ২০২০ সালের ১০ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউপির গঙ্গাপুর গ্রাম থেকে ইসমাইল ও দুলালকে আটক করে ডিবি পুলিশ। এসময় তাদের কাছে তিন হাজার ইয়াবা পাওয়া যায়। এরমধ্যে ইসমাইলের কাছে দুই হাজার ও দুলালের কাছে এক হাজার ইয়াবা ছিল। পরদিন ডিবির এসআই মো. এহতেশামুল হক সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের নামে মামলা করেন।

একই বছর ১৬ অক্টোবর ডিবির এসআই ও তদন্তকারী কর্মকর্তা মকবুল হোসেন তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!