স্কুলছাত্রীর গোসলের ভিডিও ইন্টারনেটে, যুবক গ্রেফতার
বগুড়ার ধুনট উপজেলায় অষ্টম শ্রেণির স্কুলছাত্রীর গোসলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাসেল নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার দুপুরে তাকে ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, মঙ্গলবার রাত আড়াইটার দিকে ধুনটের হাঁসখালী দেহপাড়া পশ্চিম কান্তনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ২১ বছরের রাসেল একই গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুস সাত্তার।
এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. তৌহিদুল মবিন খান।
.png)
জানা গেছে, ওই স্কুলছাত্রী বিদ্যালয়ে যাতায়াতের পথে বিভিন্ন সময় রাসেল তাকে প্রেমের প্রস্তাব দিতেন। একপর্যায়ে তারা প্রেমে জড়িয়ে পড়েন। এরপরই কৌশলে ওই স্কুলছাত্রীর গোসলের নগ্ন ভিডিও ধারণ করেন রাসেল। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে স্কুলছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন রাসেল। কিন্তু ওই স্কুলছাত্রী রাসেলের প্রস্তাবে রাজি হননি।এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন রাসেল।
পরবর্তীতে গত ১৪ নভেম্বর গোসলের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন রাসেল। এ কাজে তাকে সহায়তা করেন আরও দুজন যুবক। স্কুলছাত্রীর গোসলের ওই ভিডিও অল্প সময়ের মধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে রোববার রাতে রাসেলসহ ৩ জনকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলায় অন্য আসামিরা হলেন উপজেলার বড়চাপড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ২০ বছরের জিয়াম সরদার ও সাবু মন্ডলের ছেলে ১৯ বছরের সজিব মন্ডল।
র্যাব কর্মকর্তা মো. তৌহিদুল মবিন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেন রাসেল। তাকে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।