মাঝ নদীতে ঢাকাগামী দুই লঞ্চের সংঘর্ষ, শিশুসহ আহত ৫
ভোলা থেকে ঢাকাগামী লঞ্চ তাসরিফ-২ কে পিছন থেকে ধাক্কা দিয়েছে ফারহান-৫ নামে আরেকটি লঞ্চ। এ ঘটনায় শিশুসহ উভয় লঞ্চের ৫ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুরের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লঞ্চে ধাক্কা দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে সংঘর্ষের পুরো দৃশ্য দেখা যায়। যাত্রীবাহী দুই লঞ্চ হলো তাসরিফ-২ ও ফারহান-৫। দুটি লঞ্চই ভোলা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।
.png)
তাসরিফ-২ লঞ্চের যাত্রী সুমন ও আরিফ জানান, বেপরোয়া গতিতে চলছিল ফারহান-৫। একপর্যায়ে পেছন থেকে তাদের লঞ্চে ধাক্কা দেয়। ধাক্কায় তাসরিফ লঞ্চের পেছনের একাংশ ভেঙে যায়। এ সময় সুরমা (৮) নামে এক শিশুসহ ঐ লঞ্চের তিনজন যাত্রী আহত হন। সংঘর্ষে লঞ্চের যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। যাত্রীরা হুড়োহুড়ি করতে শুরু করেন। বিকট শব্দে শিশুরা ঘুম থেকে চমকে ওঠে।
ফারহান-৫ লঞ্চের যাত্রী রাকিব হোসেন শাহীন জানান, ফারহান লঞ্চটি বেপরোয়া গতি নিয়ে তাসরিফ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে দুই নারী আহত হয়েছেন। এ সময় যাত্রীরা কান্নাকাটি করতে শুরু করেন।
তাসরিফ-২ লঞ্চের সহকারী ইনচার্জ মোবারক করিম জানান, ফারহান লঞ্চ খামখেয়ালি করেই তাদের লঞ্চে ধাক্কা দেয়। এতে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন।