ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালংকার-টাকা লুট

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৮, ২০ ডিসেম্বর ২০২২
অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালংকার-টাকা লুট
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়েছে এক ডাকাত দল। সোমবার রাত ২টার দিকে কোনাবাড়ী থানাধীন বাঘিয়া নদীর পাড় এলাকায় একটি বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। 

পুলিশ ও  এলাকাবাসী জানায়, কোনাবাড়ী থানাধীন বাঘিয়া নদীর পাড় এলাকার জিয়াউর রহমানের বাড়িতে ৫-৭ জনের একদল ডাকাত দেশি অস্ত্র নিয়ে হানা দেয়। একপর্যায়ে শাবল দিয়ে দরজা ভেঙে ডাকাতরা ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় জিয়াউর রহমান ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। পরে এক জোড়া স্বর্ণের কানের দোল, গলার একটি চেইন ও দুটি আংটি এবং ১২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। 

ডাকাতরা চলে গেলে জিয়াউর রহমান মোবাইলে আশপাশের লোকজনকে বিষয়টি জানায় এবং মসজিদের মাইকিং করা হয়। এই ঘটনায় ওই এলাকাসহ আশপাশে এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। 

ওই বাড়ির মালিক জিয়াউর রহমান জানান, ৫-৭ জনের একদম ডাকাত ঘরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তাদের বাধা দিতে গেলে আমাকে চড় থাপ্পর মারে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় যাতে কোথাও ফোন দিতে না পারি সেজন্য আমাদের মোবাইলগুলোও নিয়ে নেয় ডাকাতরা। পরে আমার স্ত্রীর স্বর্ণের কানের দোল, গলার একটি চেইন ও দুটি আংটি এবং ১২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। 

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার এসআই লিটন শরীফ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ পৌঁছার আগে ডাকাতরা পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!