ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভেজাল গুড় তৈরির দায়ে গুড় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৩, ২২ ডিসেম্বর ২০২২
ভেজাল গুড় তৈরির দায়ে গুড় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের শিবালয়ে খেজুরের রস ছাড়াই চিনি ও চুন দিয়ে ভেজাল খেজুর গুড় তৈরির দায়ে মশগুল গুড় ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতর। সেই সঙ্গে ৫০ কেজি ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম নষ্ট করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলার ধানধারা গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

আসাদুজ্জামান রুমেল জানান, বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত হরিরামপুর ও শিবালয় উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করা হয়। পরে শিবালয় উপজেলার ধানধারা গ্রামে রাজশাহী থেকে সংগ্রহ করা বাসি ঝোলা রসের সঙ্গে চিনি ও চুন মিশিয়ে গুড় প্রস্ততকালে মশগুল গুড় ভান্ডারের মালিক মশগুল হোসেনকে হাতেনাতে ধরা হয়। সেই সঙ্গে ৫০ কেজি ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম নষ্ট করা হয়।

ভেজাল গুড় তৈরির দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে কয়েকটি গুড় ব্যবসায়ীকে সতর্ক করা হয়। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে হরিরামপুর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আতাউর রহমান, হরিরামপুর থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সহযোগিতা করেছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!