ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজ অটোচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৮, ২২ ডিসেম্বর ২০২২
নিখোঁজ অটোচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার 
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিখোঁজের চারদিন পর অটো চালক শিশু ইমনের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার তালশহর ইউপি আন্দিদিল গ্রামের একটি ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। ইমন তালশহর ইউপির মৈশাইর গ্রামের ফকির বাড়ির মো. নাসির মিয়ার ছেলে।

জানা যায়, জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউপির মৈশাইর গ্রামের নাসির মিয়ার শিশু ছেলে ইমন গত এক বছর ধরে ভাড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা চালাতো। গত রোববার বিকেলে ইমন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়, এরপর আর বাড়ি ফিরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধ্যান মিলেনি। এ ঘটনায় গত সোমবার ইমনের বাবা নাসির মিয়া আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

Advertisement

বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন উপজেলার আন্দিদিল গ্রামের একটি ডোবায় একটি লাশ ভাসতে দেখে ইমনের পরিবারকে খবর দিলে ইমনের পরিবারের লোকজন সেখানে গিয়ে ইমনের লাশ শনাক্ত করে। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে হাত-পা বাঁধা অবস্থায় ইমনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

ইমনের বাবা নাসির মিয়া বলেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি তার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান বলেন, পুলিশ ইমনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় এখনো ইমনের স্বজনেরা থানায় মামলা দায়ের করেনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!