ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৪, ২৬ ডিসেম্বর ২০২২
অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২
ছবিতে মেজবাহ উদ্দিন রাব্বি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মো. মেজবাহ উদ্দিন রাব্বি নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মো. রাসেল উপজেলার কবিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের এনায়েত নগর এলাকার হোসেন সর্দার বাড়ির সফি উল্লার ছেলে এবং মাইন উদ্দিন কবিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘোষবাগ এলাকার মো. আবদুল হকের ছেলে।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে দুই আসামিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, রোববার রাতে উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

জানা যায়, এ ঘটনার সোমবার সকালে নিহতের মা তাজনাহার বেগম বিজলী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে কবিরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে, রোববার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কবিরহাট সরকারি কলেজের পশ্চিমে এনায়েত নগর সড়কে এ হত্যাকাণ্ড ঘটে।

মামলার এজাহারে বলা হয়, কবিরহাট পৌরসভার এনায়েত নগর এলাকার মো. রাসেল, তার ভাই মো. রুমেজ ও কবিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘোষবাগ এলাকার মো. আবদুল হকের ছেলে মাইন উদ্দিনসহ অজ্ঞাত দুই থেকে তিনজনের সঙ্গে নিহত অটোরিকশা চালক মেজবাহ উদ্দিন রাব্বির অটোরিকশা চালানো নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে রোববার সন্ধ্যায় রাব্বি অটোরিকশা নিয়ে কবিরহাট বাজারে যাওয়ার পথে এজাহারভুক্ত তিন আসামিসহ অজ্ঞাত আট থেকে ১০ জন পরস্পর যোগসাজশে তাকে ধারালো দা, ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এনায়েত নগর এলাকার পুকুর পাড়ের ঝোপে ফেলে দেন।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দেবনাথ জানান, ঐ যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানালে তারা হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ওসি মো. রফিকুল ইসলাম বলেন, পুলিশ বাদীর অভিযোগ আমলে নিয়ে কাজ করছে। এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এছাড়া এজাহারভুক্ত পলাতক অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!