শীতের রাতে বাজি ধরে সাঁতরে নদী পাড়ি, জিতলেন হাজার টাকা
ঢাকার ধামরাইয়ে তীব্র শীতে বাজি ধরে বংশী নদী সাঁতরে পাড়ি দিয়েছেন মিয়া সবুজ রহমান নামে এক যুবক। বাজিতে জিতে পেয়েছেন পাঁচ হাজার টাকা।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ফোর্ডনগর এলাকায় এ ঘটনা ঘটে। সবুজ টাঙ্গাইল জেলার নাগটপুর গো-হাট এলাকার মিয়া আব্দুর রশিদের ছেলে।
জানা গেছে, শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে ধামরাইয়ের ফোর্ডনগর রিসোর্টে বেড়াতে আসেন সবুজ। বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে বন্ধুদের সঙ্গে বাজি ধরেন তিনি। বংশী নদীর এপার থেকে ওপারে সাঁতরে গেলে পাঁচ হাজার টাকার পুরস্কার ঘোষণা দেন তারা। না জিতলে উল্টো পাঁচ হাজার টাকা দিতে হবে।
.png)
বাজিতে রাজি হন সবুজ। পরে ছদরুল আবিদের কাছে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জমা রাখে উভয়পক্ষ। এছাড়া প্রতিযোগিতা দেখতে ভিড় জমান শত শত উৎসুক লোক। শীতের তীব্রতার কথা ভেবে অনেকেই এ বাজির প্রতিযোগিতা থেকে সবুজকে সরে দাঁড়াতে বলেন। তিনি কারো কথা না শুনে নদীর বরফসম পানিতে ঝাঁপিয়ে পড়েন। সাঁতরে অন্য পাড়ে উঠে বাজি জিতে নেন তিনি। তবে সাঁতার দেওয়ার আগে শরীরে ভালোভাবে খাঁটি সরিষার তেল মাখেন। একই সঙ্গে মধু খান।
মিয়া সবুজ বলেন, এ ঘটনায় অনেকেই হয়তো শঙ্কিত ছিলেন। তবে আমার প্রতি নিজের আত্মবিশ্বাস ছিল। নদীর কূলে আমার বাড়ি। তাই শৈশব থেকেই আমি সাঁতার রপ্ত করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন।