ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তরুণীর অশ্লীল ছবি-ভিডিও ছড়ানোয় যুবকের ৫ বছরের সাজা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ১৬ জানুয়ারি ২০২৩
তরুণীর অশ্লীল ছবি-ভিডিও ছড়ানোয় যুবকের ৫ বছরের সাজা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অশ্লীল ছবি ও ভিডিও ছড়ানোর দায়ে শাফিউল ইসলাম ওরফে শাফি (২৫) নামে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন। ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক তিনটি ধারায় এ রায় ঘোষণা করেন তিনি।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা।

Advertisement

তিনি জানান, সাজাপ্রাপ্ত যুবকের নাম শাফিউল ইসলাম ওরফে শাফি (২৫)। শাফি নওগাঁর মহাদেবপুর উপজেলার হাসানপুর নতুন মসজিদ সংলগ্ন এলাকার সাইফুল ইসলামের ছেলে।

ঘটনার বিবরণে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, ২০২১ সালের ১৯ মে রাজশাহী নগর পুলিশের পবা থানায় মামলাটি দায়ের করা হয়। নওগাঁ সদর উপজেলার এক তরুণী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামি শাফি ওই তরুণীর ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। ওই ভুয়া আইডি থেকে তরুণীর আত্মীয় স্বজনদের কাছে অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দিতে থাকেন আসামি। এছাড়াও বিভিন্ন ধরনের মানহানিকর ক্যাপশনে ফেসবুক পোস্ট দিতে থাকেন।

তিনি আরো জানান, এ ঘটনায় ২০২১ সালের মে মাসে নগরীর পবা থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী। ওই মামলার প্রেক্ষিতে পবা থানা পুলিশ আসামি শাফিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। পরে আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ডিজিটাল নিরাপত্তা আইনে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও ২৬ (২) ধারায় এক বছর সশ্রম কারাদণ্ড এবং ২৯ (২) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড অনাদায়ে এক লাখ টাকার অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজা একটার পর একটা কার্যকর হবে বলেও রায়ে জানান পিপি ইসমত আরা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!