প্রাইভেট পড়ানোর কথা বলে বাসায় গৃহবধূর হাত-পা বেঁধে ছিনতাই
প্রাইভেট পড়ানোর কথা বলে বাসায় ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তিন শিক্ষার্থীর বিরুদ্ধে। এর আগে পাবনা শহরের বড়বাজারের আরিফ চৌধুরীর বাসায় এ ঘটনা ঘটে।
বুধবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।
আটককৃতরা হলেন, ঈশ্বরদী উপজেলার দিঘা গ্রামের জমশের আলীর ছেলে এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী লিখন হাসান (২৪), রাজশাহীর কাশিয়াডাঙার আবদুল্লাহিল কাফির ছেলে ও সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লহিল বাকি অনিক (২২) এবং পাবনার চরতারাপুর গ্রামের হাতেম মণ্ডলের ছেলে আবুল বাশার (২১)।
.png)
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, আটককৃতরা স্থানীয় আরিফ চৌধুরীর বাসায় গিয়ে তার (আরিফ) স্ত্রীর গলায় চাকু ধরে নগদ ৭২ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়েরের পর জেলা কারাগারে পাঠানো হয়েছে।