হাঁসে আখগাছ খাওয়ায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ২০
হবিগঞ্জের নবীগঞ্জে হাঁসে আখগাছ খাওয়া নিয়ে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সোনা মিয়ার সঙ্গে বাঁশডর গ্রামের কাছন মিয়ার বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে বাড়ির পাশে লাগানো কাছন মিয়ার একটি আখগাছ সোনা মিয়ার হাঁস খেয়ে ফেলেছে বলে অভিযোগ তোলেন। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান তারা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের ২০ জন আহত হন। এর মধ্যে সাত্তার মিয়া, শাহজাহান ও ছুরুক মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
সোনা মিয়া বলেন, হাঁসে আখগাছ খায়নি। তবে হাঁস কাছনের বাড়িতে গিয়েছিল। আখগাছ খাওয়ার মিথ্যা অভিযোগ তুলে আমাদের ওপর হামলা করেন তার লোকজন।
নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, হাঁসে আখগাছ খেয়ে ফেলায় সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।