লক্ষ্মীপুরে দিনব্যাপী পিঠাপুলি উৎসব
লেখাপড়ার পাশাপাশি তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের বিভিন্ন রকমের পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী পিঠাপুলি উৎসব। শতাধিক স্টলে প্রায় আড়াই শতাধিক বিভিন্ন পিঠার পসরা সাজিয়ে বসেন শিক্ষার্থীরা। উৎসবে মেতে ওঠেন শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকসহ বিভিন্ন পেশার ১০ হাজার মানুষ।
পুলি পিঠা, জামাই, চিতই, নকশি, লবঙ্গ, লতিকা, ঝুনঝুনি, ভাপা, পাটিসাপটা, ঝিনুক, হৃদয় হরণ, সেমাই, দুধ হরণ, ডাল, তালের পিঠাসহ বিভিন্ন পিঠার মেলা বসে লক্ষ্মীপুর বাগবাড়ীর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস মাঠে।
শনিবার সকালে প্রতি বছরের মতো প্রতিষ্ঠানটির উদ্যোগে দিনব্যাপী পিঠাপুলি উৎসবের আয়োজন করা হয়। উৎসবে বিভিন্ন প্রকার প্রায় আড়াই শতাধিক পিঠার পসরা সাজিয়ে বসেন শিক্ষার্থীরা। তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের বিভিন্ন রকমের পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন বলে জানান প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
.png)
শিক্ষার্থীরা নিজ নিজ দায়িত্ব বাসা থেকে এসব পিঠা তৈরি করে আনেন। আবার কেউ কেউ ক্যাম্পাস মাঠে চুলায় তৈরি করেন নানা জাতের পিঠা। উৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন অভিভাবকসহ জেলার প্রায় ১০ হাজার সাধারণ মানুষ। পরিবার পরিজন নিয়ে শীতকালীন পিঠা উৎসবে মেতে ওঠেন সব বয়সী মানুষ।
প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ জানান, প্রতি বছরের মতো শীতকালীন পিঠাপুলির আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। প্রযুক্তির যুগে এসে নানা ধরনের যোগাযোগ উৎকর্ষ হলেও পুরাতন কৃষ্টি-সংস্কৃতি শিক্ষার্থীরা ভুলে যাচ্ছে অনেকে। মানসম্মত শিক্ষার পাশাপাশি বাস্তবতার ক্ষেত্রে আরো বেশি এগিয়ে যাবার জন্য পিঠাপুলির উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে প্রায় আড়াই শতাধিক বিভিন্ন পিঠা এনেছে শিক্ষার্থীরা।
প্রধান অতিথি হিসেবে এ উৎসব উদ্বোধন করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন- প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মো. খোরশেদ।