রাগ করে খালুর বাড়িতে স্ত্রী, আসতে না চাওয়ায় ছুরিকাঘাতে হত্যা
তিন দিন আগে স্বামীর সঙ্গে রাগ করে খালুর বাড়িতে এসেছিলেন স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে যান স্বামী। কিন্তু স্বামীর সঙ্গে যেতে রাজি নন স্ত্রী। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীর পেটে ছুরিকাঘাত করেন স্বামী। পরে হাসপাতালে নিলে ওই নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের আনন্দপুরে নিহতের খালুর বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী দ্বীন ইসলাম ওরফে বাবুকে আটক করেছে পুলিশ। এ সময় একটি ছুরিও জব্দ করা হয়েছে।
নিহত সুলতানা টাঙ্গাইল জেলার নাগরপুর থানার গোকুলহাট এলাকার মোস্তফা মিয়ার মেয়ে। তিনি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। স্বামী দ্বীন ইসলাম বরগুনা জেলার আমতলী থানার টেপুরা গ্রামের শাজাহান খলিফার ছেলে। পেশায় তিনি অটোচালক।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার এসআই সুদীপ কুমার গোপ।
স্বজনদের বরাত দিয়ে এসআই জানান, তিন দিন আগে স্বামীর সঙ্গে রাগ করে সুলতানা বেগম তার খালু খোশ মোহাম্মদের বাড়িতে যান। বৃহস্পতিবার বিকেলে স্ত্রী সুলতানাকে আনতে যান বাবু। কিন্তু বাসা যেতে রাজি নন সুলতানা। এতে ক্ষিপ্ত হয়ে পেটে ছুরিকাঘাত করেন বাবু। এ সময় সুলতানাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।এ ঘটনায় বাবুকে গণধোলাই দিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-ফোন করে পুলিশ সোপর্দ করে এলাকাবাসী।
তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।