ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘একবার চিৎকার শুনেছি, এরপর আর সাড়া দেয়নি’

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৫, ৪ ফেব্রুয়ারি ২০২৩
‘একবার চিৎকার শুনেছি, এরপর আর সাড়া দেয়নি’
ফাইল ছবি

বরগুনার পাথরঘাটায় নোঙর করে রাখা ট্রলারে অপর একটি ট্রলারের ধাক্কায় মো. রুবেল মিয়া নামে এক জেলের মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাত ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নে বিষখালী নদী সংলগ্ন জিনতলা ঘাটে এ ঘটনা ঘটে। নিহত ২৬ বছর বয়সী রুবেল দুই সন্তানের বাবা। তার বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নে।

নিহতের বাবা আব্দুল কাদের বলেন, জিনতলা ঘাটে ছেলেকে নিয়ে ট্রলারটি নোঙর করি। রুবেল ট্রলার পরিষ্কার করছিল। এ সময় একই গ্রামের মো. চান মিয়ার ট্রলারটি আমাদের ট্রলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই ট্রলারের মাঝে চাপা পড়ে সে। ছেলের চিৎকার শুনে ওকে জড়িয়ে ধরি, কিন্তু কিছুক্ষণ পর আর নড়াচড়া করেনি।

Advertisement

তিনি আরো বলেন, ট্রলারে চাপা দেওয়ার সঙ্গে সঙ্গেই মাত্র একবার চিৎকার শুনেছি। এরপরে অনেক ডাকাডাকি করেও সাড়া দেয়নি আমার ছেলে। পরে স্থানীয়দের সহযোগিতায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
 
পাথরঘাটা সদর ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, দুই ট্রলারে মাঝখানে চাপা পড়ে মারা যান রুবেল। 

পাথরঘাটা থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!