বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
বগুড়ায় আলতাফুন্নেছা নামে এক নারীকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম আবু বক্কর। তিনি বগুড়ার ধুনট উপজেলার শৈলমারী গ্রামের হবিবর আকন্দের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) নাসিমুল করিম হলি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আবু বক্কর নেশাগ্রস্ত ছিলেন। ২০১৫ সালের ১২ অক্টোবর রাতে বাড়ি ফিরে মা আলতাফুন্নেছাকে ভাত এগিয়ে দিতে বলেন তিনি। এ সময় তার মা তাকে ভাত নিয়ে খেতে বলেন। এতে আবু বক্কর ক্ষিপ্ত হয়ে মায়ের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে গাছের ডাল দিয়ে আলতাফুন্নেছাকে আঘাত করেন আবু বক্কর। খবর পেয়ে স্বজনরা গুরুতর আহত অবস্থায় আলতাফুন্নেছাকে উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৩ অক্টোবর আলতাফুন্নেছার মৃত্যু হয়। এ ঘটনায় আসামির আপন ভাই শাহ আলম বাদী হয়ে ধুনট থানায় হত্যা মামলা করেন।
.png)
তিনি আরো বলেন, রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।