খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
খুলনায় ট্রাকের ধাক্কায় মিঠুন চৌধুরী নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে মহানগরীর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠুন দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামের নাসিম চৌধুরীর ছেলে। এ সময় গুরুতর আহত একই এলাকার রেজাউল শেখের ছেলে মো. মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহিদুজ্জামান সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি।
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলযোগে মিঠুন ও মামুন আড়ংঘাটা বাইপাস সড়ক হয়ে মেইন রাস্তায় ওঠার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা রাস্তার ওপর পড়ে যায়। তারা মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টায় মিঠুনের মৃত্যু হয়। আহত মামুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও পরে উন্নত চিকিৎসার ঢাকায় নেয়া হয়।