[ দেশজুড়ে ]
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় মজলু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মজলু মিয়া জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচাক পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম বলেন, ২০১৭ সালের ১৩ নভেম্বর নিজ বাড়িতে বিজিবির হাতে ৬টি বিদেশি পিস্তল, ১৮ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন ও একটি রামদাসহ গ্রেফতার হন মজলু। এ ঘটনায় ওইদিন ৫৯-বিজিবি ব্যাটালিয়নের নায়েব সুবেদার মাসুদ হোসেন মজলু মিয়াকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন এসআই কামরুজ্জামান ২০১৭ সালের ৩০ নভেম্বর মজলু মিয়াকে অভিযুক্ত করে ট্রাইবুনালে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার রায় ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!