ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জায়গা ছেড়ে দিতে বলায় শ্বশুরকে ছুরিকাঘাতে খুন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
জায়গা ছেড়ে দিতে বলায় শ্বশুরকে ছুরিকাঘাতে খুন
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার সদরে জামাতা হাকিম উল্লাহর ছুরিকাঘাতে শ্বশুর আজিজুল হক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন হাকিমের স্ত্রী।

শুক্রবার দুপুর ১টায় সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জামাতা হাকিম উল্লাহকে আটক করেছে পুলিশ।

নিহত আজিজুল হক জানারঘোনা এলাকার বাসিন্দা। আহত সোনিয়া আক্তার তার মেয়ে।

Advertisement

কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, হাকিম উল্লাহ তার শ্বশুর আজিজুল হকের জায়গায় অস্থায়ী ঘর তৈরি করে বসবাস করে আসছেন। কিছুদিন আগে স্ত্রী জমজ সন্তানের জন্ম দেন। জন্মের তিনদিন পর এক সন্তান মারা যায়। শুক্রবার সকালে অন্য সন্তানটিও মারা যায়। দুপুরে নাতির মৃত্যুর খরব শুনে দেখতে যান আজিজুল হক। এ সময় জায়গা নিয়ে কলহের জেরে শ্বশুর-জামাতার তর্কাতর্কি হয়। একপর্যায়ে জামাতা হাকিম উল্লাহ শ্বশুরকে ছুরিকাঘাত করেন। এতে বাধা দিতে গেলে স্ত্রী সোনিয়া আক্তারকেও মারধর করেন।

ওসি বলেন, স্থানীয়রা আহত আজিজুল হক ও সোনিয়া আক্তারকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ জানারঘোনা এলাকার সমাজপতি (সর্দার) আব্দুর রহমান বাবু বলেন, হাকিম উল্লাহ শ্বশুরের মালিকানাধীন জায়গায় ঘর তৈরি করে থাকতেন। শ্বশুর জায়গা ছেড়ে দেওয়ার কথা জানালে জামাতার সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর জেরেই খুনের ঘটনা ঘটেছে।

ওসি মো. রফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে হাকিম উল্লাহকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!