ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ল ব্যবসায়ীর ৩০ লাখ টাকার মালামাল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ল ব্যবসায়ীর ৩০ লাখ টাকার মালামাল
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় একটি মুদির দোকান আগুনে পুড়ে গেছে। শুক্রবার ভোরে সদর উপজেলার বাসুদেব ইউপির বাসুদেব বাজারের তানিম জেনারেল স্টোর নামে দোকানে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের পর খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, শুক্রবার ভোরে বাসুদের বাজারে একটি মুদি দোকানে আগুন দেখতে পেয়ে বাজারের নৈশ প্রহরীর মাধ্যমে ব্যবসায়ীদের খবর দেওয়া হয়। পরে বাজারের ব্যবসায়ী ফায়ার সার্ভিসকে খবর দিলে আখাউড়া থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তানিম জেনারেল স্টোরের মালিক শাহাদাৎ হায়দার প্রভাত জানান, গত বছরের ২ ডিসেম্বর এই দোকানে একটি চুরির ঘটনা ঘটে। পরে চুরির ঘটনায় মামলা করা হয়। ওই মামলায় আলামিন ও কামরুল নামে স্থানীয় দুই বখাটেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের কাছ থেকে দোকান থেকে চুরি হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা বর্তমানে জেলহাজতে রয়েছে। তাদের নির্দেশেই শুক্রবার ভোরে তার ব্যবসা প্রতিষ্ঠান তামিম জেনারেল স্টোরে আগুন দেওয়া হয়েছে। এতে তার অন্তত ২৫/৩০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। মূলত মাদক সেবন ও মাদক ব্যবসায়ের কাজে বাধা দেওয়ায় এমন ঘটনা ঘটেছে। এ ঘটনার সঠিক বিচার চান তিনি।

আখাউড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মুনিম সারোয়ার জানান, স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি জানান, ভুক্তভোগীরা আমাদের বলছেন; দুবৃর্ত্তরা এই আগুন লাগিয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তার পাশে সিগারেটের আগুন অথবা বৈদুত্যিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে। আমরা প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রতিবেদন দিয়েছি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ঘটনার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি স্বাভাবিক অগ্নিকাণ্ড নাকি দুবৃর্ত্তের দেওয়া আগুন, এ ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কারো নাম বের হয়ে আসলে তাকে আইনের আওতায় আনা হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!