বড় ভাইয়ের হাতে যেভাবে খুন হন পুলিশ কনস্টেবল সাদ্দাম
ময়মনসিংহে পুলিশ কনস্টেবল সাদ্দাম হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মাদকের টাকার জন্য পরিবারের লোকজনদের বিরক্ত করার কারণেই বড় ভাইয়ের হাতে খুন হন সাদ্দাম। হত্যার ঘটনায় সহোদর ভাইসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন নিহতের বড় ভাই হাবিবুল করিম তপু, মুক্তাগাছা মালতিপুর এলাকার আব্দুস সালামের ছেলে আনোয়ারুল ইসলাম।
সোমবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিনুল ইসলাম।
তিনি জানান, গত শনিবার আবুল হোসেনের মেহগনি বাগানে সাদ্দামের বড় ভাই হাবিবুল করিম তপু এবং আনোয়ারসহ তিন জন অবস্থান নেয়। সেখানে সাদ্দামকে ফোন করে ডেকে নিয়ে যায় তপু। সাদ্দাম কেন বাবা-মাকে লাঞ্চিত করে এবং চাকরিতে কেন যায় না এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাদ্দামের গলায় রশি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে গাছের সঙ্গে আটকিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়। গতকাল রাতে সাদ্দামের সহোদর বড় ভাইসহ দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিনুল ইসলাম আরো জানান, সাদ্দাম হোসেন প্রায় সময় চাকরির কর্মস্থল থেকে গড় হাজির হয়ে বাড়িতে অবস্থান করতেন। ছুটিতে অভিবাস/ গড় হাজির থাকার কারণে বেশ কয়েকটি লঘু এবং গুরুদণ্ডে দণ্ডিত হয়েছেন।
গত শনিবার বিকেলে আবুল হোসেনের মেহগনি বাগান থেকে পুলিশ সদস্য সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রাতে নিহতের স্ত্রী সুমাইয়া আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।