রোহিঙ্গা ক্যাম্পে আগুনের তীব্রতা বেড়েছে, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আসছে না। আগুনের তীব্রতা বেড়েছে বহুগুণ। এ ঘটনায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অন্তত ৯টি ইউনিট একযোগে কাজ করছে।
বালুখালী রোহিঙ্গা শিবিরের ৯, ১০, ১১ ও ১২ রোহিঙ্গা ক্যাম্প গুলোয় আগুন ছড়িয়ে পড়েছে। রোববার (৫ মার্চ) বিকেল সাড়ে ৩ টার দিকে ক্যাম্পের ‘ডি’ ব্লকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, আগুন লাগার খবর পেয়ে নিয়ন্ত্রণে ছুটে যায় আমাদের টিম। ৯টি ইউনিট একযোগে কাজ করছে। বাতাস বেশি থাকায় আগুন মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে গেছে৷ আগুনের তীব্রতা এতই বেশি যে সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তবে কোথা থেকে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না৷
.png)
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আগুনের তীব্রতা বেড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। আগুন ছড়িয়ে পড়ার সম্ভাব্য স্থান থেকে লোকজন ও মালামাল সরানো হচ্ছে। হতাহতের কোনো খবর এখনো জানা যায়নি।বিস্তারিত পরে জানানো হবে।
৮-এবিপিএন এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, বিকেলে সাড়ে ৩টার দিকে হঠাৎ করে আগুন দেখা যায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পের ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন দ্রুত সবদিকে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে উখিয়া, টেকনাফ ও কক্সবাজার স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। এরই মধ্যে শত শত ঘর আগুনে পুড়ে গেছে। হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।