এরপর রোববার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেন ওই শিশুর মামা মো. মোস্তফা মিয়া। এর আগে গত ২ মার্চ সন্ধ্যায় শ্রীপুরের নয়নপুর বাজারে এ ঘটনা ঘটে।
অপহৃত দেড় বছর বয়সী ওই শিশুর নাম তায়েবা। সে সোনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সুরিগাঁও গ্রামের মো. কাউসার মিয়ার মেয়ে। মায়ের সঙ্গে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের জুলেখার বাড়িতে ভাড়া থাকত ওই শিশু।
.png)
ফারজানা আক্তার জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি কারখানা ছুটির পর বাসায় ফেরেন। সন্ধ্যায় তায়েবাকে কোলে নিয়ে স্থানীয় নয়নপুরে বাজারে যাচ্ছিলেন। পথে এক যুবক তার মেয়েকে মামা মামা বলে ডাক দেন। যুবকটি তায়েবাকে কোলে নিয়ে আদর করতে থাকেন। এ সময় হঠাৎ ফারজানা অচেতন হয়ে পড়লে তায়েবাকে নিয়ে চম্পট দেন সেই যুবক।
ফারজানা আরো জানান, কৌশলে ওই যুবক অচেতন হওয়ার ওষুধ প্রয়োগ করে। স্থানীয়রা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার সন্তান এখন কি অবস্থা আছে, কোথায় আছে আমি কিছু বলতে পারছি না। আমার শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি।
শিশুর মামা মো. মোস্তফা মিয়া বলেন, ‘আমি ঢাকায় থাকি। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। বোনের অবস্থা আগের চেয়ে মোটামুটি ভালো। ঘটনার তিন দিন অতিবাহিত হলেও ভাগনির কোনো ধরনের খোঁজ খবর পাচ্ছি না।
শ্রীপুর থানার এসআই আবু রায়হান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই কাজ করছি। আশপাশের বাসাবাড়ি ও দোকানপাটের লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই চলছে। শিশুর মা কাউকে চিনতে পারেনি। আর তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তবে সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।