[ দেশজুড়ে ]
মেহেরপুরে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরে চেক জালিয়াতির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আলতাব হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
আলতাব হোসেন মেহেরপুর শহরের হোটেলবাজার এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।
শনিবার (১৮ মার্চ) দিবাগত রাতে মেহেরপুর সদর থানার এএসআই শাকিল রেজার নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরে অভিযান চালিয়ে আলতাব হোসেনকে গ্রেফতার করে। মেহেরপুর যুগ্ম জেলা দায়রা জজ আদালতের বিচারক দণ্ডিত আলতাব হোসেনকে চেক জালিয়াতির মামলায় এক বছর সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ ৯৩ হাজার টাকা অর্থদণ্ড করেছেন। সে সময় আলতাব হোসেন পলাতক ছিলেন। গ্রেফতারি পরোয়ানা পাওয়ার পরপরই তার অবস্থান জেনে অভিযান চালায় পুলিশ।
গ্রেফতারকৃত আলতাব হোসেনকে রোববার দুপুরের দিকে আদালতে সোপর্দ করলে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালতের বিচারক।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!