ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
তরুণীকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
চট্টগ্রামের ফটিকছড়িতে তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে আলী আকবর নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আলী আকবর ফটিকছড়ি উপজেলার ডলু আরালিয়া পাড়ার হাশেমের বাড়ির হাচি মিয়ার ছেলে।
ট্রাইব্যুনালের পিপি খন্দকার আরিফুল আলম বলেন, তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে আলী আকবরকে মৃত্যুদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তিনি পলাতক রয়েছেন।
২০১৬ সালের ২০ জানুয়ারি ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার নারায়নহাট বাদুরখীল এলাকা থেকে ঐ তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে ঐ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তে ধর্ষণ ও পরবর্তীতে শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে আসে। এরপর একই বছরের ২৪ আগস্ট থানায় মামলা হয়। ২০১৭ সালের ৬ জানুয়ারি ঐ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ।