নানা আয়োজনে খুবিতে আন্তর্জাতিক বন দিবস উদযাপিত
সুস্থ দেহে সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন- এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক বন দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পরে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাদী চত্বর থেকে শুরু হয়ে শহিদ তাজউদ্দীন আহমদ ভবন ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য পরিবেশের গুরুত্ব অনেক। এজন্য পরিবেশ রক্ষা করতে হলে বনকে রক্ষা করতে হবে। বনের সঙ্গে জীববৈচিত্র্য ওতপ্রোতভাবে জড়িত। জীববৈচিত্র্য রক্ষায় এরমধ্যে বাংলাদেশ সরকার ২০২৩ সাল পর্যন্ত সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলে গাছ কাটার নিষেধাজ্ঞার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এটি একটি সুদূর-প্রসারী সিদ্ধান্ত। তিনি বন রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সভাপতিত্ব করেন, ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা। জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান গোলাম কুদ্দুস এবং খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো-সহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।