টেকনাফে তিন অপহৃত যুবক উদ্ধার, আটক ২
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে তিন অপহৃত যুবককে উদ্ধার ও অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব।
রোববার বিকেল ৫ টার দিকে টেকনাফের বৈদ্যঘোনা নতুন পল্লান পাড়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন আমান উল্লাহ, সিরাজুল মোবিন ও আবু তাহের।
আটকরা হলেন নবী হোসেন ও জাহিদ হোসেন কাবিলা। তারা দুজনই টেকনাফ সদরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজির আহমেদের ছেলে।
.png)
সোমবার বেলা ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (আইন এবং গণমাধ্যম) মো. শামসুল আলম খান।
তিনি জানান, ২৫ মার্চ আমান উল্লাহ ও তার বন্ধু সিরাজুল মোবিন ফজরের নামাজের উদ্দেশ্যে বের হলে হোয়াইক্যং ইউপির উলুবুনিয়া রাস্তায় পৌছলে তাদের অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আমান উল্লাহর বাবা ঠান্ডা মিয়া টেকনাফ র্যাব ক্যাম্পে অভিযোগ করলে তথ্য প্রযুক্তির সহায়তায় একটি মাদসাসার সামনে থেকে অপহরণকারী চক্রের মূলহোতাসহ দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অপহরণের কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহ্নত দুইজনকে উদ্ধার করা হয়। অপরদিকে উখিয়ার কুতুপালং এলাকা থেকে অপহরণ হওয়া অপর একজনকে উদ্ধার করা হয়।
অপহরণকারীদের কাছ থেকে ২টি রাম দা, ২৫ ফুট শিকল, ৮টি তালা, ২টি চাবির ছড়াসহ ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।