ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার
নোয়াখালীর সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৩টি চাপাতি ও দুটি পাইপ জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছিদ্দিক উল্যাহ মাস্টার বাড়ির মো. জসিম উদ্দিনের ছেলে মো. বেলাল হোসেন রতন (২৩), একই বাড়ির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. কাজী নুরুল হুদা (২৬) ও সেনবাগ উপজেলার দক্ষিণ গরুকাটা গ্রামের হাজী হারিজ মিয়ার বাড়ির মো. মফিজুর রহমানের ছেলে মো. আলম ওরফে আমির (২৮)।
মঙ্গলবার দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল সোমবার গভীর রাতে উপজেলার ১০নং অশ্বদিয়া ইউনিয়নের নিরঞ্জনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
.png)
এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, সোমবার রাতে কয়েকজন ডাকাত বিভিন্ন জায়গা থেকে এসে ডাকাতির উদ্দেশে সদর উপজেলার ১০নং অশ্বদিয়া ইউনিয়নের নিরঞ্জনপুর এলাকায় সংঘবদ্ধ হয় বলে জানতে পারে পুলিশ। তাৎক্ষণিক সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন ডাকাত দৌড়ে পালানোর চেষ্টা করলে ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়।
এসপি আরো জানায়, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।