ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১০ টাকায় চিকেন বিরিয়ানি

শাকের মোহাম্মদ রাসেল, লক্ষ্মীপুর
প্রকাশিত: ১৫:২৩, ৬ এপ্রিল ২০২৩
১০ টাকায় চিকেন বিরিয়ানি
১০ টাকায় চিকেন বিরিয়ানি। ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে নিম্নআয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছে ‘পরিচয় ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন। ১০ টাকার বিনিময়ে চিকেন বিরিয়ানি বিক্রি করছে সংগঠনটি। যাদের সামর্থ্য আছে, তাদের কাছ থেকে ১০ টাকা নেন, আবার যাদের সামর্থ্য নেই তাদের বিনামূল্যে ইফতারের প্যাকেট দিয়ে দেন। প্রতিদিন আছরের পর থেকে শুরু করে ইফতার পূর্ব মুহূর্ত পর্যন্ত শহরের অলিগলিতে ফেরি করে বিক্রি করেন তারা। উদ্দেশ্য এসব অসহায় মানুষরা যেন নিয়মিত ইফতার করতে পারেন। বিনামূল্যে কেউ নিতে চাইবে না হয়তো, এমন ধারণা থেকে নামমাত্র ১০ টাকা করে বিক্রি করা হচ্ছে। 

১০ টাকার ইফতারে থাকছে এক প্যাকেট করে চিকেন বিরিয়ানি, শসা, খেজুর ও এক বোতল পানি। এছাড়া কখনো কখনো থাকে বুট মুড়ি, পেয়াজু, তরমুজ ও আঙ্গুর। এভাবে ইফতার বিতরণ করা হচ্ছে ‘পরিচয় ফাউন্ডেশন’ সংগঠনের উদ্যোগে। 

জানা গেছে, স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিচয় ফাউন্ডেশনে’র প্রতিষ্ঠাতা রিয়াদ হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠক আজিজুর রহমান আরজু, আজিম হোসেন ও আলমগীর হোসেন ব্যতিক্রমী এ আয়োজনের উদ্যোগ নেন। পরে তাদের দলে আরো স্বেচ্ছাসেবী যোগ দেন। প্রথমে নিজেদের অর্থায়নে শুরু করলেও এখন প্রবাসীসহ অনেকে তাদের সহযোগিতা করছেন। 

Advertisement

স্বেচ্ছাসেবী সংগঠক আজিজুর রহমান আরজু ও রফিকুল ইসলাম শিবলু জানান, প্রতিদিন বিকেল থেকে শহরের চকবাজার, উত্তর তেমুহনী, দক্ষিণ তেমুহনী ও ঝুমুর এলাকায় থাকা অসহায় সুবিধাভোগীদের হাতে এসব ইফতার তুলে দেওয়া হয়। ১০ টাকা করে নেয়ার কারণ হিসেবে তারা জানান, কেউ ১০ টাকা দিলে সে টাকাটা পরের দিনের ইফতার আয়োজনে কাজে আসবে। তাতে ইফতার দেওয়ার মতো ভালো কাজে তিনিও শরিক হতে পারছেন।

১০ টাকায় চিকেন বিরিয়ানি

তারা জানান, প্রতিদিন একশ থেকে দেড়শ লোকের জন্য তারা ইফতারের আয়োজন করা হয়। নিজেদের উদ্যোগে বিরিয়ানি রান্না করে প্যাকেট করে প্রতিদিন ইফতারের আগে নির্দিষ্ট এলাকার উদ্দেশে বেরিয়ে পড়েন তারা। ইফতার তৈরিতে যে খরচ হয়, তা তারা বন্ধুরা মিলে যোগান দেন৷ কয়েকজন প্রবাসীও এ উদ্যোগ দেখে তাদের সহযোগিতা করছেন৷  

সংগঠনের প্রতিষ্ঠাতা রিয়াদ হোসেন বলেন, রমজান মুসলমানদের জীবনে মহিমান্বিত মাস। এ মাসটির প্রত্যেকটি মুহূর্ত আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ। বলা আছে, ইফতার যেন একা করা না হয়। এজন্য আমরা চাচ্ছি, সবাইকে সঙ্গে নিয়েই ইফতার করতে। কিন্তু পথে-ঘাটে অবস্থান করা দিনমজুর, রিকশাচালকসহ নিম্নআয়ের লোকেরা ভালোমানের ইফতার করতে পারেন না। এজন্য আমরা উদ্যোগ নিয়ে তাদের কাছে ইফতার পৌঁছে দিচ্ছি। তবে বিনামূল্যে নয়, প্রতি প্যাকেট ইফতার ১০ টাকা করে বিক্রি করা হয়। একজন এক প্যাকেটের বেশি নিতে পারবেন না। পুরো রমজানজুড়েই চলবে আমাদের এ কার্যক্রম।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!