ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে আরসা-এপিবিএন গোলাগুলি, নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৫, ১৪ এপ্রিল ২০২৩
রোহিঙ্গা ক্যাম্পে আরসা-এপিবিএন গোলাগুলি, নিহত ২
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সঙ্গে এপিবিএন এর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর ২টার দিকে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ সময় নুর হাবা নামে এক পথচারী এবং আরসা সদস্য মো. হাসিম নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। 

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান, ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর ব্লকের মসজিদের পাশে আরসা সন্ত্রাসী লালুর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন অবস্থান করছে- এমন খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে আরসার সন্ত্রাসীরা। তাদের গুলিতে নুর হাবা নামে এক রোহিঙ্গা নারী নিহত হন। তিনি একই ক্যাম্পের নুরুল ইসলামের স্ত্রী।

Advertisement

পরে পুলিশ সাধারণ রোহিঙ্গা এবং নিজেদের জীবন বাঁচাতে সন্ত্রাসীদের উপর পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় সন্ত্রাসীরা গুলি করতে করতে পালাতে থাকে। দৌড়ে পালানোর সময় আরসা সন্ত্রাসী সাদেককে একটি অস্ত্রসহ আটক করা হয়। পরবর্তীতে সন্ত্রাসীরা চলে গেলে ঘটনাস্থলে আরসার শীর্ষ সন্ত্রাসী হাসিমের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।  

সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ আরো জানান, নিহত হাসিম রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত হত্যাকাণ্ড, মাদক ব্যবসা, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!