সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম ছাড়ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তুহিন মাহমুদ। তিনি বলেন, পরিবারের সঙ্গে ঈদ করা অন্যরকম আনন্দের। সবাই আসলে এজন্যই যে কোনোভাবে বাড়ি ফেরার চেষ্টা করে। কোনো ধরনের ঝামেলা ছাড়াই অনলাইনে অগ্রিম টিকিট করেছি। আজ বাড়ি ফিরছি। আনন্দ লাগছে।
একই ট্রেনে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছিলেন পঞ্চাশোর্ধ্ব মো. হাবিবুল ইসলাম। তিনি বলেন, সন্তানদের চাকরিসূত্রে পরিবার নিয়ে চট্টগ্রামে থাকি। প্রতিবছর দুই ঈদে বাড়ি যাই। এবারো তার ব্যতিক্রম হয়নি। ঈদে বাড়ি ফেরাটা আসলেই আনন্দের। সবার সঙ্গে দেখা হয়, বেশ ভালো লাগে।
.png)
মঙ্গলবার সকাল ৭টায় ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসের যাত্রার মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের ঈদযাত্রা। এরপর ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ৯টায় ছাড়ার কথা থাকলেও দেড় ঘণ্টা বিলম্বে ১০টা ৩০ মিনিটে ছেড়ে যায়। এছাড়া ৮টা ৩০ মিনিটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস, ৩০ মিনিট বিলম্বে ৭টা ৫০ মিনিটে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস, দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ও বিকেল ৩টায় একই রুটের মহানগর গৌধূলি চট্টগ্রাম ছেড়ে যায়।
এছাড়া ৫টায় ঢাকাগামী সোনার বাংলা, ৫টা ১৫ মিনিটে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস, রাত ৯টা ৪৫ মিনিটে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ও রাত ১১টায় ঢাকাগামী তূর্ণা নিশীথা চট্টগ্রাম ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
এর বাইরেও চট্টগ্রাম থেকে এসব রুটে থাকা আরো চারটি মেইল ট্রেনের মধ্যে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস সকাল ৭টা ৪০ মিনিটে, ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ১০টায়, একই রুটের ঢাকা মেইল ১০টা ৩০ মিনিটে ও ময়মনসিংহগামী ময়মনসিংহ এক্সপ্রেস বিকেল ৩টা ৩০ মিনিটে চট্টগ্রাম ছেড়ে যায়।
চট্টগ্রাম রেলস্টেশন মাস্টার মো. জাফর আলম বলেন, ঈদযাত্রার দ্বিতীয় দিনে এখন পর্যন্ত প্রায় সবগুলো ট্রেন নির্ধারিত সময়ে চট্টগ্রাম ছেড়ে গেছে। যাত্রীদের নিরাপদ ও আনন্দময় ঈদযাত্রা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে রেলওয়ে।
এর আগে, সোমবার ঈদযাত্রার প্রথম দিনে ১০ আন্তঃনগর ও চার মেইল ট্রেনে ১০ হাজারের বেশি মানুষ চট্টগ্রাম ছেড়ে যান।
ঈদ উপলক্ষে ১৭ থেকে ৩০ এপ্রিলের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেয় রেলওয়ে। ঈদের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় শনিবার (১৫ এপ্রিল)। এদিন বিক্রি করা হয় ২৫ এপ্রিলের যাত্রার টিকিট। একইভাবে রোববার (১৬ এপ্রিল) বিক্রি হয় ২৬ এপ্রিলের টিকিট, ১৭ এপ্রিল বিক্রি হয় ২৭ এপ্রিলের টিকিট, ১৮ এপ্রিল বিক্রি হচ্ছে ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট।
ঈদে ঘরমুখো মানুষের সুবিধার্থে চট্টগ্রাম থেকে চলছে তিন জোড়া ঈদ স্পেশাল ট্রেন। ট্রেনগুলো হলো- চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ৩, চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-২ ও ৪ এবং চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল-৭ ও ৮।
আন্তঃনগর অনলাইনে বিক্রি হলেও মেইল ট্রেন ও স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে কাউন্টারে। এছাড়া ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে শোভন শ্রেণির (নন এসি) মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন (স্ট্যান্ডিং) টিকিট যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে।